গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
নব জ্যোতি | অপরাধ সংবাদ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২২ নভেম্বর থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটি সংঘবদ্ধ দল থানায় প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে থানায় প্রবেশ করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সরকারি গাড়ি, থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
মামলার বিবরণে অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ লুটের অভিযোগ উল্লেখ করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯, দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment