গোসাইরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং, বিপন্ন ছাত্রীদের শিক্ষাজীবন
বখাটেদের উৎপাত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা অভিভাবকদের
এম জি বাবর:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ইভটিজিং ও বখাটেদের হয়রানিতে ছাত্রীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর একশ্রেণির উচ্ছৃঙ্খল যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলায় প্রায় ৫০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকটির সামনে ছুটির পর কিছু বখাটে যুবকের আনাগোনা দেখা যায়। প্রথমে প্রেমের প্রস্তাব দেওয়া এবং পরে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন আচরণের মাধ্যমে ছাত্রীদের হয়রানি করার অভিযোগ রয়েছে।
এতে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হচ্ছে। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ সামাজিক সম্মান ও নানা বিবেচনায় প্রকাশ্যে অভিযোগ করতেও দ্বিধা করছেন।
অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর কয়েকজন অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে প্রতিকার চেয়েও আশানুরূপ সমাধান পাননি।
সম্প্রতি ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার একাধিক অভিভাবক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ইভটিজিংয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত নজরদারি, ছুটির সময়ে পুলিশি টহল এবং অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
ছাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গোসাইরহাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকরা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment