সংবাদ সম্মেলনে প্রার্থিতা বৈধতার কথা জানালেন নোয়াখালী -৫ এর জেএসডির প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী:
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট।
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে যে আইনগত জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে।আদালতের এই রায়ের মাধ্যমে নোয়াখালী-৫ আসনে জেএসডির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
বুধবার ২১ জানুয়ারি বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নোয়াখালী জেলা নির্বাচন কমিশন ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাঁকে ঋণখেলাপি আখ্যা দিয়ে তাঁর মনোনয়ন বাতিল করেছিল, যা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল।
তিনি বলেন, বিষয়টি আদালতে উপস্থাপন করলে প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তিতর্কের মাধ্যমে তিনি তাঁর নির্দোষতা প্রমাণ করতে সক্ষম হন। আমি কোনো ঋণখেলাপি নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়,এ কথা মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বলেন কামাল উদ্দিন পাটোয়ারী।
তিনি আরও জানান, আদালত তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করার পাশাপাশি নোয়াখালী জেলা নির্বাচন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে নোয়াখালী-৫ সংসদীয় আসনের ভৌগোলিক পরিসর তুলে ধরে তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে তিনি জেএসডির একমাত্র বৈধ প্রার্থী।
আদালতের রায়ের পর এখন নির্বাচনে অংশগ্রহণে তাঁর আর কোনো আইনগত বাধা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যায় কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, তিনি ঢাকা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর ব্যাংকিং লেনদেন উত্তরা ব্যাংকের সঙ্গে প্রায় ৩৫ বছরের পুরোনো। কোম্পানির নামে যে ঋণ রয়েছে, তা তাঁর এফডিআরের বিপরীতে নেওয়া এবং নিয়মিত পরিশোধযোগ্য ঋণ, যা কোনোভাবেই খেলাপি হিসেবে গণ্য হওয়ার সুযোগ নেই। এ বিষয়টি তিনি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনকেও অবগত করেছিলেন বলে জানান।
রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ তৈরি হবে এবং সেই পরিবেশেই জেএসডি সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন, আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং ২০২৪ সালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লালন করি। জেএসডি একটি স্বাধীনতা ও জনগণের অধিকারপন্থী দল।
জেএসডির আদর্শ ও ইতিহাস তুলে ধরে কামাল পাটোয়ারী বলেন, দলের প্রতিষ্ঠাতা আসম রবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার সিরাজুল আলমের চেতনা ধারণ করেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই জেএসডির রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচিত হলে নোয়াখালী-৫ আসনের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া তাঁর নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমার এলাকায় এসব অপকর্মের কোনো স্থান থাকবে না। একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমার অঙ্গীকার।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, তারা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আলা উদ্দিন ও শামসুল আলম কাজল হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, কবিরহাট উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খালিল, নোয়াখালী জেলা জেএসডি নেতা মোহাম্মদ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment