চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের আশ্বাস উপজেলা ছাত্রদল নেতাদের
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
১১ নভেম্বর ২০২৩ ইং তারিখে নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান হোসেন সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নূর উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ আলমগীর, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ ফরিদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান স্বপন এবং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে সভাপতি পদে কামরুল হাসান সজীব ও শাহিদুর রহমান হেলাল; সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম আরিফ, গোলাম হায়দার সৌরভ ও মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে মহিন উদ্দিন রাকিব ও মো. রায়হান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। কমিটিতে যাঁরা দায়িত্ব পাবেন, তাঁদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মেনে নিতে হবে।
সংগঠনের স্বার্থে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধান বক্তা নূর উদ্দিন রুবেল বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।দলের দুঃসময়ে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলনে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা, আদর্শিক চর্চা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment