খোয়াব
মোহাম্মদ কুতুবউদ্দিন
কত রাত জীবন্ত মিশে গেছে ভোরের পাঁজরে,
প্রভাতের আলিঙ্গনে ঘুমেরা
অচেতন করে রাখে—দিনের তোড়জোড় মেপে।
রাতগুলো দিনের চাদর মুড়িয়ে এসে
সুরত মেখে নিয়ে যায় চোখের প্রহরায়।
এখন আর খোয়াব দেখা হয় না—
অন্ধকারও মিলিয়ে গেছে রাতের সরোবরে;
এখন খোয়াবগুলো ব্যস্তময় দিনের সাহসী সারথী।
রাত এলেই মিলন ঘটে বৈচিত্র্যময় কাব্যিক শব্দের,
মহাকালের সুড়ঙ্গ বেয়ে নেমে আসে নৈসর্গিক শব্দসুধা;
ঝিমিয়ে পড়া চোখের যুগলপলক
খুলে রাখে দৃশ্যময় ফটক,
ভাবনার প্রগলভতা ভুলিয়ে রাখে নিশব্দের আনাগোনা।
একদিন ঘুমেরা ডানা ঝাপটে
এলিয়ে পড়ত চোখের সীমানায়,
নিয়ে যেত দ্রুতলয়ে ঘুমালয়ের আশ্রমে;
নরম আবেশে ঘুমের ঘোর চিনিয়ে দিত স্বপ্নের সিঁড়ি।
এখন আর খোয়াব দেখা হয় না—
খোয়াবগুলো কাব্যিক চরণে মিশে
জাগিয়ে দেয় অন্তর্লোক, তুলে দেয় দিনের ফরমান।
১১.০৯.২০২৬ ইং
০৫.৪১ পি এম
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment