কোম্পানীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালকের গলায় ছুরিকাঘাত
নব জ্যোতি রিপোট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে মহসিন নামে এক চালকের গলায় ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বসুরহাট পৌরসভার গরুবাজার বটতলা মোড় এলাকায় বিদ্যুৎ অফিসের কাছাকাছি ঘটে।
আহত মহসিন সুবর্ণচর উপজেলার চর জুবলী এলাকার বাসিন্দা। তিনি জীবন-জীবিকার তাগিদে কোম্পানীগঞ্জে ভাড়ায় অটোরিকশা চালান।জানা যায়, বৃহস্পতিবার রাতে দুই যুবক যাত্রীবেশে বসুরহাট থেকে কদমতলার দিকে যাওয়ার কথা বলে মহসিনের অটোরিকশায় ওঠেন।
ভাড়া চুক্তি করে তিনি তাদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। পরে বিদ্যুৎ অফিসের কাছাকাছি পৌঁছালে যাত্রীদের একজন তার কোনো একটি জিনিস পড়ে গেছে বলে দাবি করে অটোরিকশা থামাতে বলেন।অটোরিকশা থামানোর সঙ্গে সঙ্গে দুই যুবক মহসিনকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করেন।
এতে ব্যর্থ হয়ে তারা তার গলায় ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মহসিন চিৎকার দিলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ছুরিকাঘাতে গলা থেকে রক্তক্ষরণ হতে থাকলে মহসিন কোনোভাবে অটোরিকশার চার্জিং স্টেশনে পৌঁছান।
সেখানে অটোরিকশার মালিক সাইফুলসহ অন্যরা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। পরে তাকে ঢাকায় নেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের একজনের বাড়ি লক্ষ্মীপুর এবং অপরজনের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। তারা ফেনীর একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
একটি অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মতো সামান্য অর্থের লোভে একজন মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রাতের বেলায় ছিনতাই ও অপরাধপ্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment