কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
শাহাদাত হোসেন
নব জ্যোতি ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের ডাকাতির ঘটনায় সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আটকরা হলেন,কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দরের সল্ট ভোলা ক্রসিং এলাকার মো. সাকিব (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক আবদুল আলীম দীর্ঘ ২১ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন। তার দেশে ফেরার খবর পেয়ে চরএলাহী ইউনিয়নের উড়িরচরের জলদস্যু শাহীনের যোগসাজশে একদল ডাকাত রামপুর ইউনিয়নে এসে অবস্থান নেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে আবদুল আলীম ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাত থেকে আটজন মুখোশধারী ব্যক্তি বসতঘরের কাঠের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আবদুল আলীম ও তার ছেলে সাইফ আলীকে হাত-পা বেঁধে এবং মুখ ঢেকে জিম্মি করে।
পরে ডাকাতরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের আংটিসহ আনুমানিক এক ভরি দুই আনা স্বর্ণালংকার এবং আলমারি থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ঘরে অবস্থানের পর তারা সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনার পরপরই স্থানীয় রংমালা বাজারের পাহারাদাররা কয়েকজনকে সন্দেহজনকভাবে দ্রুত হেঁটে যেতে দেখেন। এ সময় চট্টগ্রামের বাসিন্দা মো. সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্দেহ হলে স্থানীয়রা সাকিব, ফখরুল ইসলাম নাঈম ও রিয়াজ উদ্দিনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম গণমাধ্যমকে বলেন, সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment