নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময়:
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
শনিবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে তাঁর নিজ বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শুরুর আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। পুরো আয়োজনটি ছিল ঘরোয়া পরিবেশে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে পরিপূর্ণ।
ইফতারের পর সংসদ সদস্য সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
তিনি বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন, তবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জন্য সমস্যা চিহ্নিত করা এবং সমাধান গ্রহণ করা অনেক সহজ হয়।
মতবিনিময় পর্বে সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, স্কুল-কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট, কাজীরহাট সুইচগেইটের সমস্যার সমাধান এবং মুছাপুর রেগুলেটর নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানতে চান তারা।
পাশাপাশি নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও প্রশ্ন তোলেন উপস্থিত সাংবাদিকরা।
জবাবে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠন তাঁর অন্যতম অগ্রাধিকার।
এ বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সচেতন মহলের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে তিনি জানান।
কাজীরহাট সুইচগেইট ও মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। ইতোমধ্যে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।
সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
তিনি কোম্পানীগঞ্জের সার্বিক অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা এমন উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক সংলাপ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment