নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮
শাহাদাত হোসেন
নব জ্যোতি ডেস্ক:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ওই হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ১৮ জনকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিরা নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় জেলা গোয়েন্দা পুলিশ। পরে শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক দুটি দল অভিযান চালায়।
শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় এক পুরুষ ও পাঁচ নারীকে আটক করে ডিবি পুলিশ।
এরপর শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচ পুরুষ ও সাত নারীকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, চৌমুহনী বাজারের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment