'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত'
স্থানীয় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ধরলেন নেতারা, সাংবাদিকদের সত্য প্রকাশের আহ্বান:
মোঃ আল এমরান:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকেল ৫টায় বসুরহাটের আজমেরী হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিল্লুর রহমান।
বসুরহাট পৌরসভার জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি স্থানীয় রাজনীতিতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক রাজনীতি অপরিহার্য। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান তার বক্তব্যে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন,আপনারা দীর্ঘদিন ধরে দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। স্থানীয় নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি বলেন, চাল বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। পাশাপাশি বসুরহাট শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন,বিগত সময়ে নানা পরিস্থিতিতে আমরা সাংবাদিকদের পাশে পেয়েছি। জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আপনারা সত্য তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের শতাধিক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। অথচ নির্বাচন শেষে তারা প্রতিপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর আমরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। একই সঙ্গে তিনি রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো দল যেন পেশিশক্তি বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনীতি পরিচালনা না করে।
সরকারি বরাদ্দ বণ্টন প্রসঙ্গেও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, স্থানীয় কিছু জনপ্রতিনিধি ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি এ ধরনের বৈষম্যমূলক আচরণ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে শান্তি, ন্যায় ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিনসহ উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার করা হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment